একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোয় প্রধান রাজনৈতিক দলগুলোর সব ইশতেহার একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রকাশিত বিভিন্ন দলের ইশতেহারও যুক্ত করা হয়েছে।
‘বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার’ শীর্ষক এই গবেষণা প্রকল্পের গবেষক অধ্যাপক আলী রীয়াজ এবং এম এম মুসা।https://www.votemanifesto.com/ এই ওয়েবসাইটে ইশতেহারগুলো পাওয়া যাবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, ১৯৯১ সালের পর থেকে অনুষ্ঠিত নির্বাচনগুলোয় বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের নির্বাচনী ইশতেহারে কী প্রতিশ্রতি দিয়েছিল এবং কী কর্মপন্থা নির্ধারণ করেছিল গবেষক, সাংবাদিক ও নাগরিকদের তা বিবেচনা করতে সহযোগিতার লক্ষ্যে এই ডেটাবেজে বিভিন্ন দলের প্রকাশিত ইশতেহার একত্র করা হয়েছে।
গবেষণা প্রকল্পের বর্ণনায় বলা হয়েছে, ‘গণতান্ত্রিক ব্যবস্থার একটি প্রধান অঙ্গ হচ্ছে নির্বাচন। সংসদীয় ব্যবস্থায় জাতীয় পর্যায়ের নির্বাচনের মধ্য দিয়ে নাগরিকেরা আইনসভায় তাঁদের প্রতিনিধি নির্বাচন করেন। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন একটি দেশের শাসনব্যবস্থায় নাগরিকের অংশগ্রহণের পথ উন্মুক্ত করে। নির্বাচনে একাধারে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করেন। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেওয়ার পাশাপাশি প্রায় প্রতিটি দল ‘নির্বাচনী ইশতেহার’ প্রকাশ করে, যাতে দলের আদর্শিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি সন্নিবেশিত হয়। নির্বাচনী ইশতেহার হচ্ছে নাগরিকদের কাছে দলের প্রতিশ্রুতি। সেই বিবেচনায় ইশতেহার হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত দলের পরবর্তী কার্যক্রম বিচারের মাপকাঠি।
অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশের (এআইবিএস) প্রেসিডেন্ট। তিনি বর্তমানে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কর্মরত। এম এম মুসা লেখক ও গবেষক, পেশাগত জীবনে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে তিনি নিয়মিতভাবে উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন বিষয়ে লেখালেখি করেন।