
মানবিক কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাসদ।
আজ শুক্রবার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে এই অনুরোধ জানান।
বিবৃতিতে বাংলাদেশ জাসদ বলেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর জীবন সংকটাপন্ন। আমরা মনে করি, সার্বিক পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়া প্রয়োজন। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’
প্রসঙ্গত, খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়ার পর দুই বছর কারাগারে ছিলেন। প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি শর্ত মেনে নিজ বাসায় থাকছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক। ২০১৬ সালে জাসদ ভেঙে বাংলাদেশ জাসদের জন্ম হয়। ভাঙার পর বাংলাদেশ জাসদও ১৪–দলীয় জোটের শরিক ছিল। কিন্তু ২০১৮ সালের নির্বাচনের পর দলটি ১৪ দলে না থাকার সিদ্ধান্ত নেয়। বর্তমানে তারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিসহ কিছু বামপন্থী দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে। দলটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছে। বাংলাদেশ জাসদ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল।