
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার দিন ভোরে জিয়াউর রহমান সুটেড-বুটেড ছিলেন। তিনি বলেছেন, তাহলে কি জিয়াউর রহমান হত্যার ঘটনা শোনার জন্য অপেক্ষা করছিলেন। যেখানে সেনাপতি হিসেবে বঙ্গবন্ধুকে রক্ষা করার কথা, তিনি সেটি না করে হত্যাকাণ্ডের বিষয়ে বলেছিলেন সো হোয়াট? ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান সুবিধাভোগী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবার। জিয়াউর রহমানসহ যাঁরা হত্যাকাণ্ডের কুশীলব ও পরিকল্পনাকারী ছিলেন, সেই সত্য জনসম্মুখে প্রকাশের জন্য কমিশন করার দাবি উঠেছিল। সরকার সেই লক্ষ্যে কাজ করছে।
আলোচনা অনুষ্ঠানে চলমান মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অনেক দেশের তুলনায় আমাদের দেশে মূল্যস্ফীতি অনেক কম আছে। তাই বলে আমরা যে এটাকে স্বস্তিদায়ক বলছি তা নয়, আমরা চেষ্টা করছি।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সমগ্র পৃথিবীতে এটি নিয়ে অস্থিরতা। আমরা বলেছি, বিশ্ববাজারে তেলের দাম কমলে সমন্বয় করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম প্রমুখ।