
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী স্লোগান নিয়েই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম। দলটির বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তরুণদের এই দল। তবে জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতা–কর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে এনসিপিকে আগের মতো তৎপর দেখা যায়নি।
এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, সাম্প্রতিক নাশকতার বিষয়ে ‘ভিন্ন মূল্যায়নের’ কারণেই এনসিপি সচেতনভাবেই কম তৎপর। পরিস্থিতি সম্পর্কে এনসিপির মূল্যায়ন হচ্ছে, এখন যা হচ্ছে, তা সরকার নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আওয়ামী লীগকে এসব কর্মকাণ্ড করার সুযোগ দিচ্ছে। এই ‘নিয়ন্ত্রিত নাশকতার’ বিরুদ্ধে মাঠে নামার কিছু নেই। তবে সত্যিকার অর্থে হুমকি তৈরি হলে এনসিপি সর্বশক্তি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামবে।
গত মঙ্গলবার দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই কর্মসূচি ঘিরে ওই দিন সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ২২টি যানবাহনে আগুন ও অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব নাশকতা করছেন। বিদেশে পলাতক নেতারা তাঁদের উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য অর্থ পাঠাচ্ছেন।
ছাত্রলীগের কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের কিছু জায়গায় এনসিপির নেতা–কর্মীরা রাস্তায় সতর্ক অবস্থানে ছিলেন। সেদিন ঢাকার দু–একটি জায়গায় মোটরসাইকেল শোডাউনও দিয়েছেন এনসিপির নেতা–কর্মীরা। থানা পর্যায়ে ছোট পরিসরে কিছু কর্মসূচিও হয়েছে। মৌলভীবাজারে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি হয়েছে। তবে ওই দিন এনসিপির কেন্দ্রীয় কোনো কর্মসূচি বা তৎপরতা ছিল না।
এনসিপির এক নেতা বলেন, ‘সরকার বা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সুযোগ না দিলে ভারত থেকে দেশে ঢুকে বৈঠক করে আবার ফিরে যাওয়া কীভাবে সম্ভব? ছাড় দিয়ে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে, পরে বলা হবে বিরোধী দল কোথায়, রাস্তায় নামে না কেন—আমরা বিএনপির হয়ে বেগার খাটব নাকি?’
চলমান পরিস্থিতি সম্পর্কে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের চারজন সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো বিএনপি সরকারই করতে দিচ্ছে বলে এনসিপি মনে করছে। সে জন্য তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ছাত্রশক্তিসহ এনসিপির কোনো কোনো সহযোগী সংগঠন কোথাও কোথাও কর্মসূচি করেছে। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ দেশের কিছু জায়গায় সতর্ক অবস্থান ও মোটরসাইকেল শোডাউন হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আপাতত এটুকুই যথেষ্ট বলে এনসিপি মনে করছে। তবে আওয়ামী লীগ যদি সিরিয়াসলি মাঠে নামে, তখন এনসিপিও মাঠে নামবে।
আওয়ামী লীগকে নাশকতামূলক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়ার পেছনে বিএনপির স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক কৌশল রয়েছে বলে মনে করছে এনসিপি। দলটির নেতারা বলছেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেতে চায়। আওয়ামী লীগ এ ধরনের কর্মসূচি ঘোষণা করলে কারা কারা মাঠে নামে, তাঁদের স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত পাকড়াও করতে হবে, গ্রেপ্তার করে আবার জামিন দেওয়া হবে। ওই ব্যক্তিরা নিরূপায় হয়ে যেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সঙ্গে থাকে, এটাই তাদের কৌশল।
এ ধারণার পেছনে দুটি বিষয় এনসিপি নেতারা জোরালোভাবে বলছেন। এগুলো হলো—মঙ্গলবার জাতীয় সংসদে নাশকতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নিরুদ্বেগ’ বক্তব্য এবং সুনামগঞ্জ–১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকারের গত ৮ নভেম্বর দেশে ঢুকে বৈঠক করে আবার ভারতে ফিরে যাওয়ার ঘটনা। এনসিপির এক নেতা বলেন, ‘সরকার বা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সুযোগ না দিলে ভারত থেকে দেশে ঢুকে বৈঠক করে আবার ফিরে যাওয়া কীভাবে সম্ভব? ছাড় দিয়ে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে, পরে বলা হবে বিরোধী দল কোথায়, রাস্তায় নামে না কেন—আমরা বিএনপির হয়ে বেগার খাটব নাকি?’
এনসিপির রাজনৈতিক পর্ষদের দুজন সদস্য বলেন, এনসিপির কাছে যদি মনে হয় আওয়ামী লীগ ‘সিরিয়াসলি’ মাঠে নেমেছে, তখন এনসিপিও মাঠে নামবে। তবে এখনকার বিষয়টিকে সরকারের ‘গেম প্ল্যান’ বলে মনে হচ্ছে। সরকার আওয়ামী লীগকে মাঠে নামাবে আর এনসিপি রাস্তায় নেমে তাদের মোকাবিলা করবে, তা হবে না।
সরকারের প্রশ্রয়েই আওয়ামী লীগ ‘নিয়ন্ত্রিত নাশকতা’ করতে পারছে বলে মন্তব্য করেন এনসিপির রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য সারোয়ার তুষার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। কিন্তু এখন যা হচ্ছে, তা সরকার ও আওয়ামী লীগের তলে তলে আঁতাতের ফসল। আমরা সরকারের এই গেম প্ল্যানের অংশ হব না। তবে আওয়ামী লীগ জনগণের জন্য সত্যিকারের হুমকি তৈরি করলে এনসিপি অবশ্যই মাঠে নামবে।’