ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ দিনের সফরে চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ ছাড়া তিনি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেবেন এবং ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

আটকে পড়া প্রবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের সহায়তার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, ‘সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন। সীমিত আয়ের এসব মানুষের ঢাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। সরকারকে এই শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।’

বিবৃতিতে ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আরও বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এই শ্রমিকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে টিকিটের টাকা ফেরত (রিফান্ড) দেওয়ার ব্যবস্থা করতে হবে।