
ভারতের উত্তর ২৪ পরগনার মহকুমা বনগাঁ সদরের পরে পেট্রাপোল স্থলবন্দরের দিকে এগোতে ডান দিকে ইমিগ্রেশন সেন্টার। সেখানে নিরাপত্তা কর্মীসহ অভিবাসনবিষয়ক কর্মীরা বসেন। এই সেন্টারে রোববার দুপুরে ঘণ্টা দুয়েক ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ একটি দল। একাধিক সূত্র জানিয়েছে, মোট চারজন ওই সেন্টারে ছিলেন।
আওয়ামী লীগের নেতারা একটি সাদা গাড়িতে করে এসে ওই ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন। তবে সেখানে তাঁরা কী করেছেন সে সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি। স্থানীয় মানুষের প্রবেশের যে পথ, সেই পথ দিয়ে আওয়ামী লীগের নেতারা ইমিগ্রেশন সেন্টারে যাননি। দলটি সেন্টারে ঢুকতে ও বের হতে ভিন্ন পথ ব্যবহার করে বলে ঘটনাস্থলে অপেক্ষারত সাংবাদিকেরা জানিয়েছেন।
ওই সময়ে সেখানে একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন বনগাঁ উত্তর এবং দক্ষিণের বিজেপির কয়েকজন নেতা ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। ছিলেন বিধায়ক স্বপন মজুমদার।
ওই মিছিলের আয়োজন করেছিল হিন্দু সুরক্ষা সমিতি নামে হিন্দুত্ববাদী একটি সংগঠন। তারা সেখানে এক সভার আয়োজন করেছিল চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে। বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। সভার আয়োজকদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। পরে স্বপন মজুমদার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এই পথ অর্থাৎ কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা দেশে প্রবেশ করতে পারেন।
বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার বক্তব্য, ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশে প্রবেশের একটা চেষ্টা শুরু হয়েছে। শুধু শেখ হাসিনা নন, দলের অনেক নেতাই তাঁর সঙ্গে প্রবেশের কথা ভাবছেন।
উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।