
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের সড়ক–মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে।
আজ মঙ্গলবার সকাল এক বিবৃতিতে এ কথা বলেন গোলাম পরওয়ার। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি দেওয়া হয়। গোলাম পরওয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিবৃতিটি পোস্ট করা হয়।
আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৩২ জন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্ঘটনায় হতাহতের বিষয়টি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় তিনি ব্যথিত ও শোকাহত। নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছেন তিনি। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছেন। পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা যাতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেন, সেই আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে।
এমন ক্ষয়ক্ষতির ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকেরা যাতে গাড়ি চালাতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করাসহ সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।