কর্নেল আবু তাহের বীর উত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে
কর্নেল আবু তাহের বীর উত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে

কর্নেল তাহেরের ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

কর্নেল আবু তাহের বীর উত্তমের ৫০তম হত্যা দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ। এ উপলক্ষে মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি রবিউল আলম। সভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সদস্য মোশাহিদ আহমেদ, গণতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আরা প্রমুখ।

বক্তারা বলেন, কর্নেল তাহের মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস। তাঁর রাজনৈতিক দূরদৃষ্টির কারণে ১৯৭২ সালেই ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামোকে ব্যবহার করে স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থান ঘটার আশংকার কথা বলেছিলেন।

নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জাসদ

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয় পুনর্জাগরণ গড়ে তুলতে হবে। এ জন্য দেশপ্রেমী, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

এদিকে নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জাসদ। পরে সেখানে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।