প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার

ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াতের একাধিক সংসদ সদস্য আজ বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। সেখানে শুধু প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছিলেন।

বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক সংসদ সদস্য প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়। একই সঙ্গে তিনি সর্বদলীয় মিছিল করার বিষয়ে কথা বলেন।

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতা রুখে দিতে এবং দেশের প্রয়োজনে সেই ঐক্য আরও সুদৃঢ় হতে পারে। তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে বলেছেন।

বিরোধীদলীয় নেতা গণমিছিল না করে প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরামর্শ দিয়েছেন বলে জানান জামায়াতের এই সংসদ সদস্য। বিরোধীদলীয় নেতার কথা মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকটির বিষয়ে ঢাকা-১২ আসনে জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, সরকার জুলাই সনদ থেকে সরে গেছে বলেই ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি এই জুলাই সনদ ও গণভোটের রায়। ফ্যাসিবাদী শক্তির আস্ফালন রুখে দিতে প্রধানমন্ত্রীকে জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিতে বলেছেন জামায়াতের আমির। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক ছিল।

জামায়াত সূত্র জানায়, বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়গুলো উঠে আসে।

গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চান তিনি।