
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সংঘটিত ঘটনা নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা বলেছেন, সরকারের ‘ফ্যাসিবাদী আচরণ’ থেকে কূটনীতিকেরাও রেহাই পাচ্ছেন না।
মহান বিজয় দিবসে আজ শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার আগে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর বিজয় নগরের নিজ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে সংগঠনটি। সেই শোভাযাত্রার উদ্বোধন করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
এ সময় বক্তব্যে তাজুল ইসলাম অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের প্রতি ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা অকূটনৈতিকসুলভ আচরণ করছেন। বুয়েট ছাত্র ফারদিন নূর হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টিকে তিনি ‘সরকারের ঘৃণ্য পৈশাচিক আচরণ’ হিসেবে বর্ণনা করেন।
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের মতো লড়াই-সংগ্রাম ও অসীম ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জনের ইতিহাস বিরল। কিন্তু আমরা এখনো গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করছি। গুম, খুনের আতঙ্কে বিরোধী দল ও মতের লোকেরা আজও ভীত।’
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ ছিল বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বীর সন্তানদের জীবন বিলিয়ে দেওয়া মুক্তি অর্জনের স্বপ্নযুদ্ধ। ১৬ ডিসেম্বর যে বিজয় অর্জিত হয়েছে, তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি জাতীয় নেতারা।
নির্বাচনব্যবস্থা ধ্বংস করে স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করা হচ্ছে, অভিযোগ করে মজিবুর রহমান বলেন, দেশের স্বাধীন অস্তিত্ব রক্ষা করতে হলে জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই।
স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে এবি পার্টির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।