
ইসরায়েল গাজাকে অবরুদ্ধ করে ফিলিস্তিনি জনগণের অধিকার ভূলুণ্ঠিত করছে বলে মনে করে বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়ন। তারা বলেছে, জাতিসংঘের প্রস্তাব আছে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কিন্তু ইসরায়েল তাদের ভূমি দখল করেছে। পশ্চিম ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলছে না। তাই ফিলিস্তিনের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মেরুর পৃথিবী প্রতিষ্ঠার লড়াই করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে ছাত্র ইউনিয়নের একাংশের নেতারা এসব কথা বলেন। সমাবেশে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, ফিলিস্তিন উইল বি ফ্রি’ বলে স্লোগান দেওয়া হয়। ফিলিস্তিনে ‘যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি জাতিবিদ্বেষ’ বন্ধ করার দাবিও জানান ছাত্র ইউনিয়নের নেতারা।
সমাবেশে ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু বলেন, ফিলিস্তিনের গাজায় নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। ৭০ বছর ধরে একটা জাতিকে কাঠামোগত গণহত্যার মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের সব ধরনের অধিকার ভূলুণ্ঠিত করেছে। গাজায় বিদ্যুৎ নেই, পানি নেই; অবরুদ্ধ। যেসব দেশ বিভিন্ন দেশে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করে, এই ঘটনায় তাদের ভূমিকা কী? তারা হামাসের আক্রমণ দেখতে পায় কিন্তু ৭০ বছরের ইসরায়েলি নিপীড়ন দেখতে পায় না।
যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রভু বলে আখ্যা দেন মেঘমল্লার। তিনি বলেন, জাতিসংঘের ১৯৬৭ সালের রেজল্যুশনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ম্যান্ডেট আছে। তারা এমন অবস্থা তৈরি করেছে, যাতে এমন কোনো ভূমিই না থাকে, যেটাকে ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। ইসরায়েল শান্তিপূর্ণ লড়াইয়ের অবস্থা রাখেনি। এই কাঠামোগত নিপীড়নের বিষয়ে পশ্চিম কিছু বলে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সংহতি কোথায় থাকে, যখন ফিলিস্তিনে মানুষ হত্যা করা হয়? তাই ফিলিস্তিনের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মেরুর পৃথিবী প্রতিষ্ঠার লড়াই করতে হবে।
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্র মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ইসরায়েলের পক্ষে। আমরা ফিলিস্তিনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। ফিলিস্তিনের ক্ষেত্রে দ্বিরাষ্ট্রিক সমাধানই সঠিক পথ।’
ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সহসভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের ঢাকা মহানগর শাখার সদস্য আদ্রিতা রায় বক্তব্য দেন।