
ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন মানুষের রক্ত চুষে বাড়ি-গাড়ি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। তারা দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারকে আর ক্ষমতায় থাকত দেওয়া যাবে না।
অত্যাচার-নির্যাতন করে সরকার পতনের আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ার করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই সরকার আবার ক্ষমতায় এলে জাতির অস্তিত্ব থাকবে না। গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।
ঢাকার নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রোববার বিকেলে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবিতে পদযাত্রার কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বক্তব্যে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চিত্র তুলে ধরে তিনি বলেন, মানুষের খেয়ে-পরে টিকে থাকাই এখন কষ্টকর হয়ে উঠেছে।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ পুলিশ, র্যাব ও প্রশাসনকে ব্যবহার করছে। তারা ৬০০ জনকে গুম করেছে। বিএনপির মহাসচিব বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এর কোনো বিচার আজও হয়নি। যারা চুরি করছে, লুটপাট করছে, তাদের কোনো বিচার হয় না।
আওয়ামী লীগের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আগে যাঁকে খুশি তাঁকে ভোট দেওয়া যেত। আর এখন একজনের ভোট অন্য মানুষ দিয়ে দেন।
এই অবস্থা আর চলতে দেওয়া যায় না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নিবার্চন কমিশনকে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হবে।
বক্তব্য শেষে মির্জা ফখরুলের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বক্সনগর এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে।
এই পদযাত্রা উপলক্ষে সকাল থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেলযোগে সভাস্থলে জড়ো হয়। অন্যদিকে নবাবগঞ্জে বিএনপির পদযাত্রা উপলক্ষে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. বেনজীর, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, শিরীন সুলতানা, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সালাউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, জেলা ছাত্রদলের সভাপতি মো. মাসুম প্রমুখ।