
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেয়।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবদুল মঈন খান। সমর্থক হিসেবে সই করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ সংসদ সদস্যদের নেই। সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ারও বিধান আছে। বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া তাই এখন শুধু সময়ের অপেক্ষা।
সাধারণত এ ধরনের নির্বাচনে বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয় না। তবে এবার বিরোধী দল অলি আহমদকে প্রার্থী করেছে। ফলে শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোট হবে ২০ আগস্ট।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী, হুইপ আশরাফ উদ্দীন নিজান, মিয়া নুরুদ্দীন অপু, রকিবুল ইসলাম প্রমুখ।