ফাহমিদা হক
ফাহমিদা হক

পেশায় লেখক ফাহমিদা হকের সম্পদের পরিমাণ ৬০ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ফাহমিদা হকের সম্পদের পরিমাণ ৬০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে এ তথ্য উল্লেখ করেছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে আরও দেখা গেছে, বিএসসি পাস ফাহমিদা পেশায় লেখক ও বিশ্লেষক।

জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের সহধর্মিণী ফাহমিদা হক। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও সংরক্ষিত নারী আসনে দলটি তাঁকে মনোনয়ন দিয়েছে।

ফাহমিদা হকের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তিনি বছরে ব্যবসা থেকে আয় করেন আড়াই লাখ টাকার কিছু বেশি। চাকরি থেকে আয় করেন ৪ লাখ ৩৩ হাজার টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে আসে ১২ হাজার টাকা।

এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্যে ফাহমিদার কাছে নগদ ৪ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তাঁর ব্যাংক হিসাবে ১২ লাখ টাকার বেশি জমা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামার তথ্যানুযায়ী, ফাহমিদা হকের স্বামী জিল্লুর রহমানের নগদ আছে ৫২ লাখ টাকার বেশি। আর তাঁর ব্যাংক হিসাবে আছে ৫৫ লাখ টাকার বেশি। জিল্লুর রহমানের ৫২ লাখ টাকা দামের একটি গাড়ি রয়েছে। এই গাড়ি কিনতে ২৫ লাখ টাকার ঋণ নিয়েছেন তিনি।

ফাহমিদা হকের স্থাবর সম্পদের মধ্যে ১৩ লাখ টাকার কিছু বেশি মূল্যের অকৃষিজমি রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। হলফনামায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর ঘরে প্রযোজ্য নয় বলে তিনি উল্লেখ করেছেন।