
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) সরকারের দালাল হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান।
শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন কমিশন তাদের (সরকার) দালাল হিসেবে কাজ করছে। অতীতে তারা (ইসি) ২০১৪–তে করেছে, ২০১৮–তে করেছে, এবারও করবে। সে জন্য কিন্তু আমরা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় যুক্ত হইনি। তাদের সংলাপেও আমরা অংশগ্রহণ করি নাই।’
আগামী নির্বাচনে ইভিএমের মাধ্যমে দেড় শ আসনে ভোট গ্রহণের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘যারা সংলাপে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে বেশির ভাগ রাজনৈতিক দল ইভিএমের বিরুদ্ধে কথা বলেছে। ইভিএম এমন একটা পদ্ধতি, যেটা মানুষ তৈরি করে। মানুষেরা কিন্তু পরিবর্তন করতে পারে।’
এ সময় খন্দকার মোশাররফ প্রশ্ন রেখে বলেন, ‘এ দেশের মানুষ নিজের হাতে ভোট দেওয়ার অধিকার পায় না, সেখানে ইভিএমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে কীভাবে ভোট নিশ্চিত হবে?’
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনের বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘ইভিএমে ভোটের এই সিদ্ধান্তে এটা প্রমাণিত হয়েছে যে সরকার আবার গায়ের জোরে ইভিএমে, মেশিনে ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণ এটা মানবে না।’