
রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪৩৬ জন বিএনপির নেতা–কর্মী জামিনের আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। আবেদনের ওপর আগামী ৩০ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত।
প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এর আগে ৪৩৬ জন বিএনপি নেতা–কর্মীর জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন আদালত।
৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়। তাঁদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের। চার মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪৮৮ জনকে। তাঁদের মধ্যে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। আর দুজনকে (আমানউল্লাহ ও আবদুল কাদের) জামিন দেন আদালত।