আন্তর্জাতিকভাবে এই সরকারকে কেউ পছন্দ করছে না: খন্দকার মোশাররফ

আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
ছবি: জহির রায়হান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আন্তর্জাতিকভাবে আর কেউ এই সরকারকে পছন্দ করছে না। কারণ, এই সরকার গণতান্ত্রিক নয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ মঙ্গলবার সকালে এক স্মরণসভা অনুষ্ঠানে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমেরিকায় গণতন্ত্র সম্মেলন হয়েছিল। সেখানে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। আমেরিকার কাছে ব্যাখা চাওয়া হয়েছিল। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট বলেছিল, বাংলাদেশ আর গণতান্ত্রিক দেশ নয়। এটা একটা “হাইব্রিড” শাসনের দেশ। অতএব তাদের ডাকা যাবে না।’ যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে মানবাধিকার থাকে না বলেও উল্লেখ করেন খন্দকার মোশাররফ।

যুক্তরাজ্যে বিবিসিকে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই নাকি গণতন্ত্রের সুবাতাস বইছে। কিন্তু এ দেশের কোনো মানুষ তা বিশ্বাস করে না। ২০১৪ ও ২০১৮ সালে এ দেশের মানুষ নির্বাচন দেখেছে। দিনের ভোট রাতে হয়েছে। গায়ের জোরে ক্ষমতা দখল করা হয়েছে।

ইডেন কলেজে সরকারি দলের ছাত্রসংগঠন কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে বলে অভিযোগ করেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজকে যখন ইডেন কলেজের ঘটনাগুলো সংবাদপত্রে পড়ি, তখন মনে হয়, কোন দেশে আছি, কোন জায়গায় আছি। প্রধানমন্ত্রী, গোটা জাতিকে অসম্মানের কোন জায়গায় নিয়ে গেছে আপনার ছাত্রসংগঠন?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। অন্যদের মধ্যে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল হক, হান্নান শাহর ছেলে ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বক্তব্য দেন।