ঢাকার ৬টি আসনের মধ্যে রাত ১১টা পর্যন্ত ঘোষিত কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফলে তিনটিতে বিএনপির প্রার্থী, দুটিতে জামায়াতের প্রার্থী ও একটিতে এনসিপির প্রার্থী এগিয়ে আছেন। আসনগুলো হলো ঢাকা–৬, ঢাকা–৭, ঢাকা–৪, ঢাকা–১১, ঢাকা–১৭ ও ঢাকা–১৮। প্রাথমিক এই ফল প্রকাশ করেছে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়।
ঢাকা–৬ আসনে ১০১টি কেন্দ্রের মধ্যে ২২টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৩৫ ভোট। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। ভোট পড়েছে ২৮ হাজার ৯৫১। ভোট পড়ার হার ৯ দশমিক ৯১।
ঢাকা–৭ আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লাহ পেয়েছেন ৯ হাজার ৬২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হামিদুর রহমান ৯ হাজার ৩৯৭ ভোট। এই আসনে
মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৭৮ জন। ভোট পড়েছে ২১ হাজার ১৬৪, যা মোট ভোটারের ৪ দশমিক ৪১ শতাংশ।
ঢাকা–৪ আসনে মোট ১১৬টি কেন্দ্রের মধ্যে ৪টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৩৪৩ এবং বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ২ হাজার ২৯৬ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এখানে প্রদত্ত ভোটের সংখ্যা ৫ হাজার ৮৯ (১ দশমিক ৪০ শতাংশ)।
ঢাকা-১৮ আসনের ২১৯টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলাফলে এগিয়ে আছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি পেয়েছেন ২০ হাজার ৮৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরিফুল ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট।
ঢাকা-১৭ আসনের ১২৫টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফলাফলে এগিয়ে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব কেন্দ্রে তিনি পেয়েছেন ৮ হাজার ৪৫৪ ভোট। এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬ হাজার ২০৫ ভোট।
ঢাকা-১১ আসনে ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফলে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৬ হাজার ৮৫৭। এসব কেন্দ্রে বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ১৫ হাজার ৪০০ ভোট।