জাতীয় সংসদ অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন

‘মবক্রেসি’ শব্দ নিয়ে  জামায়াতের আপত্তি, স্পিকার বললেন ‘কমন টার্ম’

বাজেটের প্রতিবাদে বিরোধী দলের বিক্ষোভকে ‘মবক্রেসি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তাঁর এ বক্তব্যে আপত্তি জানিয়ে তা এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। তবে সেটি এক্সপাঞ্জ না করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এটি কোনো অশ্লীল শব্দ নয়। মবক্রেসি এখন একটা ‘কমন টার্ম’ হয়ে গেছে।

আজ সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় বিরোধী দলের সমালোচনা করেন বিএনপির সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।

বক্তব্যের এক পর্যায়ে বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘তারা (বিরোধী দল) বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে ‘‘মানি না, মানব না’’ বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবক্রেসি।’

বীথিকা বিনতে হোসাইনের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী যে মিছিল করেছে, সেটিকে তিনি (নারী সংসদ সদস্য) মবক্রেসি বলেছেন। মবক্রেসি শব্দটি এক্সপাঞ্জ করার দাবি জানান সংসদ সদস্য রাশেদুল ইসলাম।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জামায়াতে ইসলামীর ওই সংসদ সদস্যের উদ্দেশে বলেন, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে, তখন এটা ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপাঞ্জ করার মতো কোনো কিছুই না।

এ পর্যায়ে ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘আসলে মবক্রেসি শব্দটা কোনো ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনেটলি এটা একটা অবজেকশনেবল (আপত্তিকর) শব্দ।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘তাঁর ধারণা ওই সংসদ সদস্য খেয়াল করলে এটি বলতেন না। বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ, এ ধরনের বাজেট প্রতিক্রিয়া এর আগে বিএনপিও করেছে। অনেকে করেছে।’ তিনি মনে করেন, এই শব্দ এখানে বেমানান। এটি এক্সপাঞ্জ হওয়া উচিত।

এর জবাবে স্পিকার বলেন, মবক্রেসি এখন একটি কমন টার্ম হয়ে গেছে। সবার বক্তব্যেই এটা শোনা যায়। এটা কোনো অশ্লীল শব্দ না। এটা অসংসদীয় কোনো কিছু বলে তিনি মনে করেন না।