রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম

রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এড়িয়ে গেলে জনগণই উপযুক্ত জবাব দেবে: হাসনাত কাইয়ূম

নতুন রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কিংবা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এড়িয়ে গেলে জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে।

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শহীদ আবু সাঈদ দিবস: আত্মত্যাগ, অভ্যুত্থান, পরিণতি’ শীর্ষক এক আলোচনা সভায় হাসনাত কাইয়ূম এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, সরকার ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। তবে রাষ্ট্র সংস্কার আন্দোলন দাবি করছে, দিনটিকে সুনির্দিষ্টভাবে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, ‘বাংলাদেশে বুলেট শেষ হয়ে যেতে পারে, কিন্তু বুলেটের সামনে বুক পেতে দাঁড়ানো মানুষের অভাব কখনো হবে না। আবু সাঈদের আত্মত্যাগ এই শিক্ষা দিয়ে গেছে যে এ দেশে আর কোনো দিন ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। যদি কেউ সেই চেষ্টা করে, তবে তার ভয়াবহ পরিণতি হবে।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, ‘সরকার চায় না মানুষ আবু সাঈদকে মনে রাখুক। তাই আমাদের সবার দায়িত্ব হচ্ছে শহীদ আবু সাঈদ ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সমাজ ও রাষ্ট্র সংস্কারের জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার বলেন, জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা অনেকেই আজ ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। আর এ কারণে আবু সাঈদের আত্মত্যাগ অসম্মানিত হচ্ছে।