ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে আগামীকাল রবি ও সোমবার মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার তিনি ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে গেছেন
ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে আগামীকাল রবি ও সোমবার মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার তিনি ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে গেছেন

দুই দিনে ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবি ও সোমবার এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর–সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান তাঁর নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন। বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামপুর রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিএনপি নেতারা জানান, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত ইশতেহার, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে বক্তব্য দেবেন। জনসভাগুলো সফল করতে দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।