
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো জনগণ অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।’
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।
নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সত্যিই একটি শুভ সকাল আজ, ১৩ ফেব্রুয়ারি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, সবার প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রধান নির্বাচন কমিশনার ও সব কমিশনারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।’
মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের একটাই কমিটমেন্ট ছিল, যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেব। আমাদের চেষ্টা শতকরা একশ ভাগ ছিল।…আমরা মনে করি, জাতি হিসেবে মান, সন্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান—এমন কিছু নেই যে এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাকে নেহায়েত নির্বাচন অনুষ্ঠান হিসেবে নিইনি। এটা একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম।’
নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ আরও বলেন, ‘দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা যে, তাঁরা স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনিভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল—এই বন্যার পানিতে সব ভেসে গেছে। আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট যে….আছে, তা থেকে যেন বিচ্যুত না হয়—এই নির্বাচন যে আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে দৃষ্টান্ত হয়ে থাকে এই আশাবাদ করছি।’