আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, অভিযোগ আসাদুজ্জামান ফুয়াদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) নেই বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। মামলা–বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে সংখ্যালঘুরাও মামলা থেকে রেহাই পাচ্ছে না।

সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ফুয়াদ এ কথাগুলো বলেন। তিনি বলেন, চব্বিশের আকাঙ্ক্ষা ছিল রাজনীতিতে নতুন বন্দোবস্ত। কিন্তু যারা পুরোনো রাজনীতি ধারণ করে, তারা পুরোনো ব্যবস্থাকেই আঁকড়ে ধরে নতুনদের বেড়ে ওঠা ঠেকানোর চেষ্টা করছে।

এবি পার্টির এই নেতা বলেন, নিজেরা মামলা দিয়ে আবার নির্দিষ্ট মার্কায় ভোট দিলে মামলা প্রত্যাহারের প্রলোভন দেখানো হচ্ছে। জনগণ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ নির্বাচন কমশনকে নিশ্চিত করতে হবে। বিভিন্ন জায়গায় অস্ত্র কেনাবেচা চলছে, ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীদের জামিন করানো হচ্ছে, যা একটি ভয়াবহ অশনিসংকেত।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি বড় রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন চললেও কেন্দ্রীয়ভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে বক্তব্য দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দলকেই স্পষ্ট করতে হবে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির এই নেতা অভিযোগ করেন, স্ট্রাইকিং ফোর্সের কার্যক্রম দৃশ্যমান নয়, নির্বাচনী সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না এবং দুর্গম এলাকাগুলোতে প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ অনেকে।