সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক সমাবেশ করছে জাতীয়তাবাদী কৃষক দল। এই সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে সংগঠনটির বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হয়েছেন।
আজ শুক্রবার বেলা তিনটায় সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যদিও জুমার নামাজের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কৃষক দলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানও দিচ্ছেন তাঁরা।
কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে পল্টন মডেল থানা পর্যন্ত নয়াপল্টন এলাকার দক্ষিণ পাশের সড়কে কৃষক দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। উত্তর পাশ হয়ে এখনো মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা। দক্ষিণ পাশের সড়কে জায়গা না পেয়ে অনেকে আবার উত্তর পাশের সড়কে অবস্থান নিয়েছেন।
আজ শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় রাজধানীর রাস্তাঘাট কিছুটা ফাঁকা। সড়কে যানবাহনের তেমন চাপ নেই। তাই সংগঠনটির নেতা-কর্মীরা সড়কে সমাবেশ করলেও আশপাশের এলাকায় এর খুব একটা প্রভাব পড়তে দেখা যায়নি।
কৃষক দলের উদ্যোগে শুরু হওয়া কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন কৃষক দলের সভাপতি হাসান জাফরি তুহিন। আর পরিচালনা করছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।