
আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কয়েকটি আইনে সংশোধনের প্রস্তাব তৈরি করেছে ইসি। সেগুলো বিবেচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যদি এই সময়ের মধ্যে আইনের পরিবর্তন না হয়, তাহলে বিদ্যমান আইনেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে ইসি।
এর আগে নির্বাচন কমিশন চলতি বছরের আগস্টে তফসিল ঘোষণা করে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা করেছিল।
গত জুনে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তখনকার স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
তবে সেটি হয়নি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করতে হবে।
ইসির পরিকল্পনা হলো, শুরুতে ইউনিয়ন পরিষদের নির্বাচন করা। রীতি অনুযায়ী এবারও একাধিক ধাপে এই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির। তবে এখন পর্যন্ত কোনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।