জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
আজ বুধবার সন্ধ্যায় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল মোবাইল ফোনে কথা বলার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে চিফ হুইপ সংসদ সদস্যদের প্রতি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে একপর্যায়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল জাতীয় সংসদের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘সংসদ সদস্যদের অনেকেই সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলছেন, আওয়াজটা এ পর্যন্ত আসছে। নিশ্চয়ই যাঁরা বক্তব্য রাখছেন বা শুনছেন তাঁদের ডিস্টার্ব হচ্ছে।’
পরে চিফ হুইপ নূরুল ইসলাম সংসদে বলেন, ‘এ কথাটা আপনি বলেছেন, মাননীয় সব সদস্য শুনেছেন। বিষয়টি এখানেই নিষ্পত্তি হতে পারে।’
এ সময় চিফ হুইপ সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান, যেন কেউ সংসদকক্ষে মোবাইল ফোনে কথা না বলেন এবং ছবি না তোলেন। কাউকে মোবাইলে কথা বলতে হলে সংসদকক্ষের বাইরে গিয়ে কথা বলার অনুরোধ করেন। কোনো সংসদ সদস্য যখন স্পিকারের সঙ্গে কথা বলছেন, এর মাঝখানে আসা–যাওয়া না করারও আহ্বান জানান তিনি।