খুলনা-১ আসনে সিপিবির কাস্তে মার্কার প্রার্থী কিশোর রায়ের সমর্থনে আজ আসনের বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন রুহিন হোসেন প্রিন্স
খুলনা-১ আসনে সিপিবির কাস্তে মার্কার প্রার্থী কিশোর রায়ের সমর্থনে আজ আসনের বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন রুহিন হোসেন প্রিন্স

ভোট নিয়ে কারসাজির যেকোনো চক্রান্ত দেশবাসী প্রতিরোধ করবে: সিপিবি নেতা রুহিন হোসেন

নিজের ভোটাধিকার প্রয়োগে সবাইকে সোচ্চার হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, ভোট নিয়ে কারসাজির যেকোনো চক্রান্ত দেশবাসী প্রতিরোধ করবে।

খুলনা-১ আসনে সিপিবির কাস্তে মার্কার প্রার্থী কিশোর রায়ের সমর্থনে আজ রোববার বিকেলে এই আসনভুক্ত বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন রুহিন হোসেন প্রিন্স। সেখানে তিনি এ কথা বলেন।

এখন পর্যন্ত ভোট নিয়ে মানুষের কাছে কেন সংশয়ের কথা শোনা যাচ্ছে, নির্বাচন কমিশন ও সরকারের উদ্দেশে এই প্রশ্ন রেখে রুহিন হোসেন বলেন, এই অবস্থার অবসান নির্বাচন কমিশন ও সরকারকেই করতে হবে।

ধর্মীয় সংখ্যালঘুরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবন যাপন করতে পারছেন না উল্লেখ করে সিপিবির এই নেতা বলেন, এক অজানা ভয় অনেক সময় অনেককে তাড়িয়ে বেড়াচ্ছে। এ অবস্থার অবসান ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সব মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। কমিউনিস্টরাই সব মানুষের মর্যাদা নিশ্চিত করতে যথাযথ ভূমিকা পালন করতে পারে।

দক্ষিণাঞ্চলসহ সারা দেশের উন্নয়ন ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন রুহিন হোসেন প্রিন্স। খুলনা-১ আসনে সিপিবির প্রার্থী কিশোর রায়ের জন্য ভোট চেয়ে তিনি বলেন, কিশোর রায় নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের স্বার্থে জাতীয় সংসদে ভূমিকা পালন করবেন। সংসদ সদস্য পদকে তিনি লাভজনক ব্যবসায়িক পদে পরিণত করবেন না।

এই পথসভা ও গণসংযোগে অন্যান্যের মধ্যে সিপিবির খুলনা জেলা শাখার সভাপতি এস এ রশীদসহ দলের স্থানীয় যুব ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।