
আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না বলে বিএনপিকে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে এসব বলেন।
বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দিবে।’
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সংযমী, তবে সতর্কতার সঙ্গে প্রস্তুত রয়েছে রাজপথে।
নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণ–অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।
ওবায়দুল কাদের বলেন, গণ–অভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি ১৪ বছর ধরে দেখিয়ে আসছে। তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।
বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণ–অভ্যুত্থানের মতো পরিস্থিতি নেই।