যুবলীগের সমাবেশ

বিএনপি–জামায়াতকে নিষিদ্ধ না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের সমাবেশ
ছবি: প্রথম আলো

১৯৭৫ সালের ১৫ আগস্টের মূল সুবিধাভোগী জিয়াউর রহমান। তাঁর সন্তান সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে অবস্থান করে বিএনপির সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্যে যুব ও ছাত্রসমাজকে দেশ ধ্বংসের জন্য লেলিয়ে দিচ্ছেন। তিনি (তারেক রহমান) আরেকটা ১৫ আগস্টের ঘোষণা দিচ্ছেন। তাই দেশে ফিরিয়ে এনে তারেক রহমানের বিচার কার্যকর করা জরুরি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। তাঁরা আরও বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করা হয়, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। সেখানে মূলত যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান বক্তব্য দেন।

এ সমাবেশের আয়োজন করা হয় ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ ও দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক ‘সন্ত্রাসী সংগঠনের’ আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে।

সমাবেশ শেষে এসব দাবিতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় যুবলীগ।

সমাবেশে সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘১৫ আগস্ট নিয়ে কিছু বলার আমার কাছে সবচেয়ে কঠিন। আগস্টের হত্যাকাণ্ড মূলত ছিল ১৯৭১ সালের পরাজিত শক্তির এবং তাদের আন্তর্জাতিক দোসরদেরই। যার লক্ষ্য ছিল এ দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতাসংগ্রামের ইতিহাস ও বঙ্গবন্ধুকে এ দেশ থেকে চিরতরে বিলীন করে দেওয়ার চক্রান্ত। জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল বেনিফিশিয়ারি (সুবিধাভোগী)।’

সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আপনারা তাদের প্রশ্রয় দেবেন না। যে মুচলেকা দিয়ে চলে গেছে, যার বিরুদ্ধে রায় আছে, সে বক্তব্য দেয় এবং সেই বক্তব্য প্রচারিত হয়। এতে এ দেশের জনগণ বিভ্রান্ত হয়। তারা ২০০১ সালে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক পিটিয়েছে। পেশাজীবীদের নির্যাতন, অত্যাচার ও হত্যা করেছে।’

‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হাল ধরে দাঁড়িয়েছিল বলে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি’ মন্তব্য করে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘একটা সভ্য জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি। তা না হলে এদের হাতে যদি দেশ চলে যেত, আজকে কী অবস্থায় দেশ পরিণত হতো, চিন্তা করলে গা শিউরে ওঠে।’

এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে দেখা যায় বিএনপির বিশাল বিশাল সমাবেশে ভার্চ্যুয়ালি এসে বক্তব্য দিচ্ছেন, উসকানি দিচ্ছেন। দেশটাকে ধ্বংস করার জন্য যুবসমাজ, ছাত্রসমাজকে লেলিয়ে দিচ্ছেন।

সেই তারেক রহমান লন্ডনে বসে যখন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, যুবসমাজকে ধ্বংস করছেন, বাংলাদেশের অগ্রগতিকে ধ্বংস করছেন, আবার আরেকটা ১৫ আগস্টের ঘোষণা দিচ্ছেন। তারেক রহমান কারাগারের বাইরে থেকে দেশকে ধ্বংস করবে। বাংলার যুবসমাজ মনে করে, তারেক রহমানকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাঁর অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড় করানো দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপি প্রদানের পর দেশ কোন পথে হাঁটছে, তা দেখবেন উল্লেখ করে মাইনুল হোসেন খান বলেন, ‘যদি বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করা হয়, আর যদি তারেক রহমানকে ফিরিয়ে এনে তাঁর সাজা বাস্তবায়ন না করা হয়, রাজপথে কঠিন কর্মসূচির মধ্য দিয়ে বাধ্য করব প্রশাসনকে আমাদের আহ্বান বাস্তবায়ন করার জন্য।’

সমাবেশ শেষে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে সচিবালয়ের দিকে যায়। জিরো পয়েন্টে গেলে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। সেখান থেকে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য যান।