নতুন কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ

১১ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ
ছবি: শুভ্র কান্তি দাশ

১১ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ওই দিন ঢাকাসহ সারা দেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করবে তারা। মিরপুর ১২ নম্বর থেকে পদযাত্রা শুরু হয়ে মতিঝিলে গিয়ে শেষ হবে।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন, বিদ্যুৎ গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ ১৪ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আশা প্রকাশ করে বলেন, ‘আশা করছি, সব বিরোধী দল দেশব্যাপী একই কর্মসূচি ঘোষণা দেবে। এই সরকারকে নাকে খত দিয়ে পদত্যাগে বাধ্য না করে মানুষ ঘরে ফিরবে না বলেও মন্তব্য করেছেন তিনি।’

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার দুপুরে পঞ্চম কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। একই দিনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোও কর্মসূচি পালন করছে।

গণতন্ত্রের মঞ্চে কর্মসূচিতে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

জোনায়েদ সাকি তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন আর স্মার্ট বাংলাদেশ স্লোগানে বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নের নামে লোকেরা ব্যাংক থেকে টাকা লোপাট করে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের নামে রেন্টাল কুইক রেন্টাল লাইসেন্স দেওয়া হচ্ছে। এখন ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসিয়ে সব পোষ্য লোকদের টাকা দেওয়া হচ্ছে।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, আইএমএফ–এর পরামর্শে সরকার খেটে খাওয়া মানুষকে মারার জন্য বারবার বিদ্যুৎ গ্যাসের দাম বাড়াচ্ছেন।‌ বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টিকে সমন্বয়ের কথা বলে ভাঁওতাবাজি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।