
এবি পার্টির নেতারা বলেছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে ৭ জানুয়ারির নির্বাচন করলে ‘বাংলা বসন্ত’ কেউ ঠেকাতে পারবে না। তাঁরা বলেছেন, প্রহসন ও একতরফা নির্বাচন করলে দেশে বাংলা বসন্ত হবেই।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। এর আগে সরকারের পদত্যাগ ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে এবি পার্টি। মিছিলটি কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের মাধ্যমে জানা গেল, এক রাতে সবার মুক্তির শর্তেও বিএনপির নেতারা সরকারের সঙ্গে আপস করেননি। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে তাঁরা কারাগারের নির্যাতন মেনে নিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের ‘আরব বসন্ত’ ঘটার আশঙ্কা প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, বাংলা বসন্তের জন্য কোনো পরাশক্তির সহযোগিতা বা পরিকল্পনার প্রয়োজন হবে না। বরং আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে জনতার স্বতঃস্ফূর্ত গণসংগ্রামই ঢাকায় বাংলা বসন্তকে অনিবার্য করে তুলবে।
এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী বলেন, ৭ জানুয়ারি যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেটি একটি প্রহসন ও জনগণের টাকা অপচয়ের নির্বাচন। সব রাজনৈতিক দল এই পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
দলটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। মানুষ নিজের পছন্দমতো খাবার কিনতে পারছে না। সে সময় লুটপাটের টাকা অপচয়ের মাধ্যমে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তামাশার নির্বাচন করছে।
এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার তাগিদ দিয়ে আসছে। পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার কথা বলে আসছে। এগুলো বাস্তবায়িত না হলে পোশাক রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দেবে। অর্থনীতিতে ধস নামবে।