
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলেছে, নারী–শিশুর প্রতি এমন সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত না হওয়াটা এ ধরনের অপরাধকে ভয়ংকর পর্যায়ে নিয়ে যাচ্ছে।
অধিকার কমিটির সভায় এসব কথা বলা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই সভা হয়। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার আলোচনার বিষয় জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার কমিটির সভায় পল্লবীর শিশুসহ সব শিশু ধর্ষণ–হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। গত চার মাসে দেশের বিভিন্ন স্থানে ১১৮ জন কন্যাশিশু ধর্ষণ ও ১৭ জন খুনের ঘটনায় সভায় গভীর উদ্বেগ জানানো হয়। সভায় বলা হয়, দেশব্যাপী নারী ও শিশুদের প্রতি এমন সহিংসতা বৃদ্ধি সামাজিক অস্থিরতা, সংবেদনহীনতা ও নিষ্ঠুরতার প্রকাশ। জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত না হওয়ার পাশাপাশি এসব ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন–সামাজিক সচেতনতা তৈরির ঘাটতি এ ধরনের অপরাধকে ভয়ংকর পর্যায়ে নিয়ে যাচ্ছে। তবে এরপরও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
অধিকার কমিটির সভায় বক্তারা মাদ্রাসায় ছেলে ও মেয়েশিশু নির্যাতন–ধর্ষণ–হত্যা বন্ধে ধর্মীয় নেতাদের প্রতিবাদী, কার্যকর ভূমিকা পালনের আহবান জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
দেশব্যাপী হামে শিশুদের ক্রমবর্ধমান আক্রান্ত হওয়া, মারা যাওয়া নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠা জানায় অধিকার কমিটি। এ ব্যাপারে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানায়। সভায় কমিটির সদস্যরা বলেছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপ সন্তোষজনক নয়। এই পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
সভায় রাজধানীর শাহ আলী মাজারে হামলা–ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করারও দাবি জানান অধিকার কমিটির সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয় সভায়। বিনা বিচারে ৭০০ দিনের বেশি সময় ধরে আটক বম সম্প্রদায়ের মানুষের মুক্তি দাবি করা হয়। আরাকান আর্মির হাতে আটক জেলেদের মুক্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানায় অধিকার কমিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তির বিরুদ্ধে আগামী ৭ জুন পর্যন্ত কর্মসূচি সম্পর্কে সভায় অধিকার কমিটি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে।
অধিকার কমিটির এই সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। কমিটির সদস্য হারুন উর রশীদ, মোশাহিদা সুলতানা, আকরাম খান, জয়দীপ ভট্টাচার্য, শহীদুল ইসলাম, মাহতাব উদ্দীন আহমেদ, নাজমুস সাকিব, একরাম হোসেন, বাকী বিল্লাহ, অনুপ কুমার কুন্ডু, রাফিকুজ্জামান ফরিদ, ছায়েদুল হক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।