জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদকক্ষে কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনার সময় নিপুন রায়কে কথা বলতে দেখে স্পিকার এই পরামর্শ দেন।
আজ মনোযোগ আকর্ষণের মোট ৬১টি নোটিশ ছিল। এর মধ্যে তিনটি নোটিশ গ্রহণ করেন স্পিকার। নিয়ম অনুযায়ী অন্য নোটিশদাতাদের (যেগুলো গৃহীত হয়নি) দুই মিনিট করে আলোচনার সুযোগ দেন। এ পর্বটি চলে ৩০ মিনিট।
এই পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের জন্য নির্ধারিত দুই মিনিট শেষ হওয়ার পর অধিবেশন কক্ষে কথা বলতে থাকা নিপুন রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। তিনি বলেন, ‘মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয় নাই। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’
এর আগে গত ১৫ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম।