
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। আজ বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে আজ সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণজমায়েত কর্মসূচিতে ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে, আমরা প্রতিরোধ গড়ে তুললে কোনো ক্যাম্পাসে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না।’
ছাত্রশিবির সভাপতির এই বক্তব্যের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ফেসবুকে লিখেছেন, ‘ছাত্রশিবির সভাপতির “আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না”—এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি।’
ছাত্রদল সাধারণ সম্পাদক আরও লিখেছেন, ‘যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে, নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর। এখনো তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে। এটি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি।’
শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাতের বিষয়টি টেনে নাছির উদ্দীন লিখেছেন, ‘ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর, চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করেছেন আপনারা। কিন্তু শিক্ষার্থীরা আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে। এখন আর ছাড় দিচ্ছে না। ১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না।’
ছাত্রদল সংঘাতে নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে বলে দাবি করেন সংগঠনটি সাধারণ সম্পাদক। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি লিখেছেন, ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’