ডাকসু ভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। ৩১ আগস্ট
ডাকসু ভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। ৩১ আগস্ট

ডাকসু নির্বাচন

ঈর্ষান্বিত হয়ে চরিত্র হননের চেষ্টা হচ্ছে, অভিযোগ ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ কাজে ঈর্ষান্বিত হয়ে ‘একটি অংশ’ তাদের চরিত্র হননের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েম।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আবু সাদিক কায়েম। ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে হাইকোর্টে রিটের ঘটনায় জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এই প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন, ‘আমাদের কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে, আমাদের মোকাবিলা না করতে পেরে এখন আমাদের চরিত্র হননের চেষ্টা করছে। আমাদের আইডিতে (ফেসবুক অ্যাকাউন্ট) গিয়ে দেখবেন গালাগালির কোনো লিমিট (সীমা) নেই। কারা কমেন্ট করছে, খোঁজ নিলে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে পাবেন।’

সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে আবু সাদিক কায়েম বলেন, ‘আমাদের জোটের নারী প্রার্থীদের সাইবার বুলিং করা হচ্ছে। আক্রমণ করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। তিন দিন হয়ে গেল, এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে; তা (সুষ্ঠু নির্বাচন হবে কি না) নিয়ে আমরা শঙ্কিত।’

ডাকসুর নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে এই ভিপি প্রার্থী বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ দেখছি। এখানে বিভিন্ন রঙের (মতাদর্শের) শিক্ষক আছে। সেই রং দ্বারা যদি তাঁরা প্রভাবিত হন এবং তাঁদের ছাত্রসংগঠনকে সুবিধা দেন, তাহলে তাঁরা (কার্যত) শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবেন।’

এর আগে সকালে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। তিনটি বামপন্থী ছাত্রসংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এ রিট করেন।

রিট করাকে সাধুবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ বলেন, ‘বেশ কয়েকটি দল আবু সাদিক কায়েম এবং আমাকে নিয়ে দীর্ঘদিন ধরে ছবি, ভিডিও এডিট করে প্রকাশ করেছেন। তার থেকে তাঁরা এখন কোর্টে গিয়েছেন, এটা ভালো।’

‘রিটকারীরা’ প্রতিদ্বন্দ্বিতা না করে সবাই মিলে ‘পুরোনো এজেন্ডা’ নতুন করে সামনে আনছেন বলেও অভিযোগ করেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের এই জিএস প্রার্থী। তিনি বলেন, ‘আমরা বারবার একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর প্রতিবাদ করেছি।’