‘শান্তি সমাবেশের’ নামে অশান্তি করছে আওয়ামী লীগ: ছাত্র ফেডারেশন

‘শান্তি সমাবেশের’ নামে আওয়ামী লীগ অশান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশন। তারা বলেছে, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলনে দমন-পীড়ন চালানো হচ্ছে, সভা-সমাবেশে হামলা হচ্ছে। এই সরকারের অগ্নিসন্ত্রাসের নাটক আজকে মানুষের কাছে উন্মোচিত। এই নাটক করে তারা পার পাবে না।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা এসব কথা বলেন। ‘শান্তি সমাবেশের নামে মাদ্রাসাছাত্র রেজাউল করিমকে হত্যা, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা এবং শিক্ষার্থীদের জোর-জবরদস্তি করে সভা-সমাবেশে নিয়ে যাওয়ার প্রতিবাদে’ এই সমাবেশের আয়োজন করে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি।

সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান। তিনি বলেন, ‘শান্তি সমাবেশে রেজাউল নামের এক মাদ্রাসাছাত্রকে হত্যা করা হলো। এই হত্যার দায় কার, সেই প্রশ্ন আমরা আয়োজকদের কাছে রাখতে চাই। ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে প্রশাসন এবং তাদের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। শান্তি সমাবেশের নামে তারা অশান্তি তৈরি করছে। তারা মোটরসাইকেলের সশস্ত্র মহড়া দিয়েছে, বিরোধী নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে। এই সন্ত্রাসীরা আজকে মুঠোফোন চেক করে বিরোধী দল খুঁজে বেড়াচ্ছে। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।’

মশিউর রহমান খান বলেন, ‘আজকের লড়াই শুধু আওয়ামী লীগের হাত থেকে বিএনপির হাতে ক্ষমতা যাওয়ার লড়াই নয়, এই লড়াই ভোটের অধিকার এবং দেশ কোন পথে পরিচালিত হবে, সেটি নির্ধারণের লড়াই। সেটি নির্ধারণ করবে দেশের জনগণ। ভোটাধিকার আমাদের মর্যাদার প্রতীক। এটি যারা কেড়ে নিয়েছে, এই লড়াই তাদের বিরুদ্ধে। বর্তমান সরকারের অগ্নিসন্ত্রাসের নাটক আজকে মানুষের কাছে উন্মোচিত। এই নাটক করে তারা পার পাবে না।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন ক্যাম্পাস প্রতিবেদককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে রাতারাতি বহিষ্কার করার প্রতিবাদ জানান মশিউর রহমান খান। ওই সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দুর্নীতিকে প্রকাশ্যে বৈধতা দেওয়া উপাচার্যের বহিষ্কার দাবি করেন তিনি। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার প্রতিবাদ জানান মশিউর। একই সঙ্গে সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনে একাত্মতাও ঘোষণা করেন তিনি।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিক-উজ-জামান পীরাচা। তিনি বলেন, আজকে শান্তি সমাবেশ করা হচ্ছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠা জনগণকে প্রতিহত করার জন্য। কিছুদিন আগে শান্তি সমাবেশের নামে সংঘর্ষে লিপ্ত হয়ে তারা (আওয়ামী লীগ) একজন নিরীহ পথচারীকে হত্যা করেছে। এভাবে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে না।

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক প্রমুখ বক্তব্য দেন।