
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছিল, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ২৬ জন শতকোটি টাকার মালিক। একই সঙ্গে স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য অনুযায়ী কোটিপতি প্রার্থী রয়েছেন ৮৯১ জন।
টিআইবির প্রতিবেদন ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল প্রথম আলো । এর মধ্যে ৭ জন ছিলেন বিএনপির প্রার্থী। তাঁরা সবাই জয়ী হয়েছেন। অন্যদিকে এই তালিকায় থাকা তিন স্বতন্ত্র প্রার্থীই হেরেছেন।
ধনী প্রার্থীদের তালিকার শীর্ষে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর ও তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৬০৭ কোটি টাকা।
বেসরকারি ফলাফলে জিতেছেন আবদুল আউয়াল মিন্টু। ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।
ধনী প্রার্থীর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তাঁর,স্ত্রী জামিলা নাজনীল মাওলা এবং কন্যা মেহরীন আনহারের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৪৭৪ কোটি টাকা। তবে আইনি জটিলতায় এই আসনে ফল ঘোষণা স্থগিত রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছেন, ময়মনসিংহ-১১ আসনের বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদের মূল্য ২৯৯ কোটি টাকা। তিনিও জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ১০ হাজার ২১৪।
চতুর্থ স্থানে থাকা কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহেরও জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ টি।
নির্বাচনে অংশ নেওয়া ২৫৬ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজন শীর্ষ ১০ ধনীর তালিকায়। তিনজনই হেরেছেন। পঞ্চম স্থানে থাকা টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর ৭৭ হাজার ১৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বাগেরহাট ১, ২, এবং ৩ আসন থেকে নির্বাচন করেছিলেন। তবে কোনোটিতেই জয়ী হতে পারেননি।
সপ্তম অবস্থানে থাকা চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৫০৬ ভোট। জয়ী হয়েছেন অষ্টম অবস্থানে থাকা বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজও। ২০৪ কোটি টাকার সম্পদের মালিক এই প্রার্থী ভোট পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৪৮টি।
নবম স্থানে থাকা নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম পরাজিত হয়েছেন। তবে জয়ী হয়েছেন শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকায় দশম অবস্থানে থাকা শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট।