
স্কুলশিক্ষিক স্ত্রী জোহরা খাতুনের হাত ধরে সকাল সকাল মীরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন মেজবাহ উদ্দিন। তাঁর বয়স ৭৫ বছর।
চোখে কালো চশমা পরা মেজবাহ উদ্দিনের হাতে লাঠি ধরা। অসুস্থতার কারণে ছয় মাস ধরে তিনি চোখে একেবারেই দেখতে পান না।
এরপরও মেজবাহ উদ্দিন ভোট দিয়ে নিজের নাগরিক দায়িত্ব পালন করতে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে এবং গণভোটে নিজের মতামত জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
ঢাকা-১৬ আসনের এই ভোটার ভোট দেওয়া শেষে প্রথম আলোকে বলেন, ‘এটাই হয়তো আমার শেষ নির্বাচন।’
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা ভোর থেকেই ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। ভোট গ্রহণ শুরু হওয়ার আগে তাই অনেক কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের লম্বা সারি।