নজিরবিহীন লুটপাট করে সরকার দেশকে সংকটে ফেলেছে: এবি পার্টি

বিজয়নগরের বিজয় একাত্তর চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে এ বি পার্টি। ঢাকা, ১১ আগস্ট
ছবি: সংগৃহীত

নজিরবিহীন লুটপাট করে আওয়ামী লীগ সরকার দেশকে গভীর সংকটে ফেলেছে। এখন তারা দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে চায়।

সরকারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার রাজধানীর বিজয়নগরের বিজয় একাত্তর চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। দলের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, সরকার রুচির ভয়াবহ অবক্ষয়ের মধ্যে পড়েছে। বিগত দুই জাতীয় নির্বাচনে তারা জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে বেছে নিয়েছিল। এবার জাতীয় পার্টির ওপরও তাদের ভরসা নেই বলে মনে হচ্ছে। তিনি বলেন, এবার সরকার সুপ্রিম পার্টি, বিএনএম, ইনসানিয়াত বিপ্লব পার্টির মতো দলগুলোকে বিরোধী দল বানাতে চায়।

জনগণের দাবি মেনে পদত্যাগ না করলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলেও মন্তব্য করেন মজিবুর রহমান।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান বলেন, নির্বাচন কমিশন যাকেতাকে দল হিসেবে নির্লজ্জভাবে নিবন্ধন দিচ্ছে, শুধু রাজনৈতিক দল ছাড়া। এক-এগারোর সময় রাজার বানানো দল দেখা গেছে, কিন্তু সেই দলের কোনো খবর এখন নেই।

এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।