
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সমাবেশ করে দেশে অশান্তি সৃষ্টির লক্ষ্যে। তবে আওয়ামী লীগের সতর্ক পাহারা ও সতর্ক অবস্থানের কারণে বিএনপি অশান্তি সৃষ্টি করতে পারেনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দল আজকে যে সমাবেশ করছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে সমাবেশগুলো আমরা করেছি, সেগুলো শান্তি সমাবেশ। আর নয়াপল্টন, প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় বিএনপি যে সমাবেশগুলো করছে, সেগুলো হচ্ছে দেশে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে সমাবেশ। এই হচ্ছে আমাদের সমাবেশের সঙ্গে তাদের সমাবেশের পার্থক্য।’
আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি, জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’তে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবু আহম্মেদ মান্নাফীর সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দীন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।
হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরে এসে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে যুক্তরাষ্ট্র ট্রেনিং দিতে চায়, সহায়তা করতে চায়। এটি হচ্ছে তাদের সর্বশেষ ঘোষণা।
সম্প্রচারমন্ত্রী বলেন, আগে বিএনপির জোটে ছিল ২২ দল। সেটা ভেঙে বানিয়েছে ১২ দল। দেশে জোট বড় হয় আর বিএনপির জোট ছোট হয়।
বিএনপির নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাস প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান বলেন, ‘দয়া করে দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাবেন না। তাহলে দেশের মানুষ অতীতের মতোই আপনাদের প্রতিহত করবে। আর নির্বাচনে আসুন। নির্বাচনে না এলে অন্য কতগুলো দলের মতো আপনারাও হাওয়ায় মিলিয়ে যাবেন।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি হচ্ছে সাপের মতো। যখনই সুযোগ পাবে তখনই ছোবল মারবে। তাই সব সময় সতর্ক থাকতে হবে। নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকব, সতর্ক থাকব, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করব জনগণকে সাথে নিয়ে এবং নির্বাচনে বিজয় ছিনিয়ে এনে আবার জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে আমরা ঘরে ফিরে যাব। তার আগে যাব না।’