শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। গতকাল কার্জন হলের সামনে
শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। গতকাল কার্জন হলের সামনে

ডাকসু নির্বাচন

প্রচারপত্র ও কুশল বিনিময়ে চলে তৃতীয় দিনের প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে প্রচার চালিয়েছেন। প্রচারপত্র বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে গেছেন। নিজেরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কী কী করবেন, তা তুলে ধরেছেন তাঁরা।

এদিকে কিছু প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। ছাত্রদল–সমর্থিত প্যানেল তাদের ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থান থেকে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরানো হয় প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। যেসব স্থান থেকে প্রার্থীরা ব্যানার-ফেস্টুন সরাননি, সেখান থেকে তা সরিয়ে নেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

জাকসু নির্বাচনের আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারের জন্য কেবল সাদা–কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না।

নির্বাচনী প্রচারের প্রথম দুই দিন ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম জোটসহ বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের ব্যানার-ফেস্টুন টাঙিয়েছিলেন। বিশেষ করে টিএসসি ভবনের দেয়াল, কার্জন এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য স্থানগুলোতে এসব টাঙানো হয়।

ব্যানার-ফেস্টুন সরানোর বিষয়ে একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে প্রথম আলো। তাঁদের মধ্যে কেউ কেউ জানান, ব্যানার-ফেস্টুন ছাড়া প্রচার চালাতে তাঁদের সমস্যা হচ্ছে। কারণ, শুধু লিফলেটের (প্রচারপত্র) মাধ্যমে তাঁরা শিক্ষার্থীদের কাছে নিজেদের পরিচিত করতে পারছেন না। এ ক্ষেত্রে যাঁরা ক্যাম্পাসে আগে থেকে পরিচিত, তাঁরা তুলনামূলক এগিয়ে আছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ

দুপুর ও বিকেলের দিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলের সদস্যরা ক্যাম্পাসে প্রচার চালান। এ সময় ভিপি প্রার্থী আবদুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার শিক্ষার্থীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করতে দেখা যায়। পরে আবু বাকের মজুমদার সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পর থেকে নানা ধরনের বিধিমালা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই সেসব বিধিমালা মানছেন না এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছে না।

প্রচার করতে দেখা যায় ছাত্র ফেডারেশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের সদস্যদেরও। ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকেও প্রচারপত্র বিলি করে প্রচারে অংশ নিতে দেখা যায়। নিজেদের মতো করে প্রচারে অংশ নেন অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও।

জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রচারণা। কলাভবনের সামনে

শিবিরের সংবাদ সম্মেলন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন ক্যাম্পাসের সব প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী রাখার সিদ্ধান্ত প্রার্থীদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি বলে অভিযোগ করেছে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বটতলায় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জোটের জিএস প্রার্থী ও শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ এ অভিযোগ করেন।

ভোটের জন্য ৮ মিনিট

মোট আটটি কেন্দ্রে ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, একজন ভোটার ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ আট মিনিট সময় পাবেন। গতকাল বিকেলে নবাব নওয়াব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসীম উদ্দিন। তিনি বলেন, স্ক্যানিং মেশিন দিয়ে ভোট গণনা করা হবে। মেশিনের সক্ষমতা অনেক। দ্রুততম সময়ের মধ্যে ভোটের রেজাল্ট প্রদান করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ভোটের মাঠ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেষ্টার কোনো কমতি নেই। যখন যে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, একজন প্রার্থী গানবাজনা করে ইশতেহার প্রকাশ করেছিলেন। তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। এরপর আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।