জমির উদ্দিন সরকার
জমির উদ্দিন সরকার

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। আজ রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

ভোর ৪টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন সরকারের মৃত্যু হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানিয়েছেন।

জমির উদ্দিন সরকার স্মরণে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে।

জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্বপালন করেছেন।

শায়রুল কবির খান বলেন, জমির উদ্দিন সরকারের জানাজা তিন দফায় প্রথমে ধানমন্ডির তাকওয়া মসজিদে, হাইকোর্টে এবং পরে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। এর সময়সূচি পরে জানানো হবে।

জানাজা ও দাফন

সংসদ সচিবালয়ের বরাতে বাসস জানিয়েছে, জমির উদ্দিন সরকারের জানাজা আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর সংসদ ভবনে নির্ধারিত চত্ত্বরে তাঁকে সমাহিত করা হবে।

প্রধানমন্ত্রী ও অন্যদের শোক 

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসস জানায়, আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় জমির উদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। 

সুপ্রিম কোর্টের কার্যক্রম আধাবেলা বন্ধ 

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্মরণে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যক্রমও আজ বন্ধ থাকবে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বিএনপির শোক 

আগামীকাল সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে ও নেতাকর্মীরা কালো ব্যাজ পরবে।