বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন তানভীর আল হাদী মায়েদ। ৬ সেপ্টেম্বর
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন তানভীর আল হাদী মায়েদ। ৬ সেপ্টেম্বর

ডাকসু নির্বাচন

অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার নির্বাচনের পরিবেশ নষ্ট করবে: ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণার বিষবাষ্প ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। তিনি বলেন, এর মধ্য দিয়ে ক্যাম্পাসের গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশকে বিঘ্ন হবে।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তানভীর আল হাদী।

এর আগে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে হেনস্তা, হয়রানি ও অপপ্রচারে লিপ্ত ফেসবুক গ্রুপ নিষিদ্ধকরণ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ছাত্রদল। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন।

তানভীর আল হাদী মায়েদ বলেন, ‘আমরা দেখছি মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেক সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশকে বিঘ্ন করবে। একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। আজকেও সেটির অগ্রগতি জানতে এসেছিলাম।’

ছাত্রদল-সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই বিষয়ে তারা কাজ করছে। নামে-বেনামে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহারকারী গ্রুপগুলোর মডারেটর বা অ্যাডমিন যাঁরা আছেন, তাঁরা ক্যাম্পাসের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও শিক্ষকদের প্রতি যথেষ্ট সম্মানসূচক আচরণ করছেন না।

তানভীর আল হাদী মায়েদ বলেন, ‘শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, আমরা ভবিষ্যতে তাদের যে ভোটাধিকার সেটাও যেন তারা শতভাগ প্রয়োগ করতে পারে, সেই ধরনের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দিতে চাই।’

নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসু নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে ঘৃণার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। সে কারণে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপগুলো নিষ্ক্রিয় রাখা প্রয়োজন, যাতে কেউ এই গ্রুপগুলোর মাধ্যমে কোনো অপপ্রচার ছড়াতে না পারে। এই বিষয়গুলো নিয়েই আজকে অভিযোগ জানাতে এসেছিলেন।