
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার লুটপাট করে পালিয়ে যাওয়ার পর দেশের অর্থনীতি যে সচল থাকল, তার কৃতিত্ব প্রবাসী বাংলাদেশিদের। এ সময় মূলধারার রাজনীতি ও অন্যান্য কর্মকাণ্ডের সম্পৃক্ত হতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার ভার্জিনিয়ার হলিডে ইন হোটেলে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়’ সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ আহ্বান জানান। পরে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব একটু বেশি। কারণ, তাঁরা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেছিল। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশি-আমেরিকানদের কাছে আমাদের প্রত্যাশা—আপনারা মূলধারার রাজনীতি ও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। তাহলে দেশের প্রতি আরও বড়ভাবে অবদান রাখার সুযোগ পাবেন।’
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দেশের চরম সংকটময় সময়ে জনগণ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। পতিত ফ্যাসিস্ট সরকার লুটপাট করে পালিয়ে গেছে। রেখে গেছে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি। দেশের মানুষ আস্থা রেখেছেন তারেক রহমান তথা বিএনপির প্রতি।
এর একটি ঐতিহাসিক যোগসূত্র আছে উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আপনারা লক্ষ করে দেখবেন, ১৯৭৫ সালের পর একটি বিধ্বস্ত দেশ–অর্থনীতি, জনগণ যা মেরামতের দায়িত্ব দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর। একইভাবে ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর জনগণ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি মেরামতের দায়িত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়ার হাতে। জিয়াউর রহমান ও খালেদা জিয়া, সেই দায়িত্ব দক্ষতা-যোগ্যতা-সততার সঙ্গে পালন করেছিলেন।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘সেই ধারাবাহিকতায় লুটপাটে পঙ্গু করে দেওয়া অর্থনীতি মেরামতের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে তুলে দিয়েছেন তারেক রহমানের হাতে। তার মানে, দেশের প্রতিটি সংকটময় সময়ে দেশের মানুষ আস্থা রেখেছে বিএনপির ওপর। জিয়া-খালেদার ধারাবাহিকতায় তারেক রহমানও জন–আস্থার প্রতিদান দিতে কাজ শুরু করেছেন এবং প্রথম দিন থেকে যা দৃশ্যমান হতে শুরু করেছে।’
ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জাহিদ খান, মিয়া মজনু, নয়ন বাঙালি প্রমুখ। অনুষ্ঠান শেষ হয় প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে।