
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি থেকে বোঝা যায়, তাদের রাজনৈতিক দৈন্য এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা পাল্টা কর্মসূচি দিয়েও জনগণকে আকৃষ্ট করতে পারছে না।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, সরকার পদত্যাগের দাবিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ হয়।
ক্ষমতাসীনদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ আপনাদের কর্মসূচি দেখে হাসে। যতই শান্তি সমাবেশ দেন, যতই জনগণের সম্পদ রক্ষার কথা বলেন, আপনারা জনগণের কাছে হাস্যকর হিসেবে পরিচিত হয়েছেন। পাল্টা কর্মসূচি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না।’ তাদের (আওয়ামী লীগ) ভূমিকা দেখলে মনে হয়, আওয়ামী লীগ সরকারে নেই, বিরোধী দলে বলে মন্তব্য করেন আমীর খসরু।
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে দাবি করে আমীর খসরু বলেন, ‘আপনারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন পুলিশের আশ্রয় নিচ্ছেন, র্যাবের আশ্রয় নিচ্ছেন, বিজিবির আশ্রয় নিচ্ছেন, আদালতের আশ্রয় নিচ্ছেন। আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন।’
সরকার ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে
ক্ষমতাসীনরা ‘লুটপাট’ ও ‘দুর্নীতি’ করে বিদেশে অর্থ পাচার করছে বলে অভিযোগ করেন আমীর খসরু। তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে রিজার্ভ শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। কাঁচামাল আমদানির জন্য টেক্সটাইল মিলের মালিকেরা এলসি খুলতে পারছেন না। গ্যাসের অভাবে তাঁরা পোশাক উৎপাদন করতে পারছেন না।
আমীর খসরু মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের লুটেরা বিদেশে কীভাবে সম্পদ কিনছেন, তার একটি পূর্ণ বিবরণ আজকে গণমাধ্যমে এসেছে। বাংলাদেশের মানুষের সম্পদ চুরি করে বাইরে নেওয়ার হিসাব আগামী দিনে অবশ্যই আপনাদের দিতে হবে। কানাডায়, দুবাইয়ে পাচারের টাকা ফেরত দিতে হবে। জনগণ এই সরকারকে বিদায় করতে রাজপথে নামতে শুরু করেছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ। জেটেবের সভাপতি ফখরুল আলম সভাপতিত্ব করেন।