ভোট দেওয়ার পর তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান
ভোট দেওয়ার পর তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান

দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে দুই যুগ পর সরকারে যাচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি।

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।

আর বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। দলটি এ ঘোষণা আগেই দিয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন। দুটি আসনেই তিনি জয় পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়। চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’