১১–দলীয় ঐক্যের গণসমাবেশে বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ঢাকা; ৫ আগস্ট ২০২৬
১১–দলীয় ঐক্যের গণসমাবেশে বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ঢাকা; ৫ আগস্ট ২০২৬

জনগণের রায় উপেক্ষা করে আপসকামী অবস্থান নিয়েছে বিএনপি: মঞ্জু

একসময় আপসহীন হিসেবে পরিচিত বিএনপি এখন আপসকামী অবস্থান নিয়ে জনগণের রায় উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ বুধবার রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১–দলীয় ঐক্যের গণসমাবেশে মজিবুর রহমান এ অভিযোগ করেন। এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশে মজিবুর রহমান বলেন, ‘আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চিনতাম, আপসহীন বিএনপিকে চিনতাম; কিন্তু আজকের আপসকামী বিএনপিকে চিনতাম না। এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে।’

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের বর্তমান রূপ দেখা যায়নি। যৌথ নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাঁরা অন্যদের ‘গুপ্ত’ বলে সমালোচনা করেন, তাঁদের মধ্যেই এখন সেই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এ সময় ‘হেলমেট বাহিনী’র উল্লেখ করেও বিভিন্ন মন্তব্য করেন তিনি।

গণভোটের প্রসঙ্গ তুলে মজিবুর রহমান প্রশ্ন করেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় নির্বাচনের ফল মেনে নিলে গণভোটের ফল কেন গ্রহণ করা হবে না?

এবি পার্টির চেয়ারম্যান বলেন, অতীতে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচি দেখা গেলেও জুলাইয়ের গণ-অভ্যুত্থান দেখিয়েছে, আনুষ্ঠানিক রাজনৈতিক নেতৃত্বের বাইরে থেকেও বড় ধরনের আন্দোলন সংগঠিত হতে পারে।

এ সময় ৫ আগস্ট মুক্তির এবং ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন উল্লেখ করে মজিবুর রহমান বলেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় দ্রুত কার্যকর করা প্রয়োজন।