
নির্বাচন প্রতিহত করার নামে দেশে কোনো বিশৃঙ্খলা করলে জনগণের প্রতিরোধে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ এবং সমাবেশে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইচ্ছায় নয়, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে ৩০ আসনও পাবে না। তাহলে কি বিএনপির মহাসচিব জ্যোতিষবিদ হয়ে গেছেন?’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘২০০৮ সালেও বিএনপির নেত্রী বলেছিলেন, আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। কিন্তু ভোটে দেখা গেল উল্টো বিএনপিই ৩০ আসন পায়নি।’ আগামী নির্বাচনের ফলাফল কী হবে, তা একমাত্র সৃষ্টিকর্তা ও দেশের জনগণ জানে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নির্বাচনে আসা, না-আসা প্রসঙ্গে সরকারের এই মন্ত্রী বলেন, ‘আগেরবারও বিএনপি নির্বাচনে আসবে না বলে জানিয়েছিল। কিন্তু গাধা পানি ঘোলা করে খায়; এটা প্রমাণ করতে তারা পরে ঠিকই নির্বাচনে অংশ নিয়েছে।’
ইভিএম পদ্ধতিতে ভোট হলে বিএনপির কপাল পুড়বে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এ জন্যই তারা এর বিরোধিতা করছে। বিএনপি হচ্ছে ভোট ডাকাতের সরদার, তাই বিএনপি ভোট ডাকাতি করার জন্য ইভিএমের বিরোধিতা করছে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা, না-আসা বিএনপির একান্ত নিজস্ব ব্যাপার। তবে আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনার কোনো দরকার নেই।
হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সাংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।