
বিএনপি আজ খাদের কিনারে এবং আগামী নির্বাচন বর্জন করলেই পতন হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এমন একটা দল, যে দল করলে সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন দূরে থাকুক, ইউনিয়ন পরিষদের মেম্বার বা সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচনও করা যায় না। তাদের নেতা-কর্মীদের আমি জিজ্ঞাসা করব, যেই দল করলে কোনো নির্বাচনই করা যায় না, আপনাদের কি ঠেকা পড়েছে সেই দল করে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হয়ে থাকার!’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দুপুরে এক সভায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘তারেক রহমান যত দিন নির্বাচন করতে না পারবেন, তত দিন বিএনপির কেউ ইউনিয়ন মেম্বার নির্বাচনও করতে পারবেন না, এটিই এখন তাদের নীতি। ...তাদের সিনিয়র নেতাদের বলব, আর কত দিন আপনারা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত অনুসরণ করবেন, এটা করে বিএনপি আজ খাদের কিনারে, আগামী নির্বাচন বর্জন করলে খাদের মধ্যেই পড়ে যাবে।’
এদিন বিএনপির গণমিছিল নিয়ে হুঁশিয়ারি দেন হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির গণমিছিল থেকে যদি মানুষের ওপর হামলা হয়, পুলিশের ওপর হামলা হয়, মানুষের সহায়-সম্পত্তি নষ্ট করা হয়, তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে না। জনগণকে নিয়ে এর প্রতিরোধ গড়ে তোলা হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সময় বলেন, বিএনপি কয়েক বছর ধরে বিদেশিদের কাছে গিয়ে অনেক অনুনয়-বিনয় করেছে। শেষে তারা দেখতে পেল, তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিদেশিরা কোনো সমর্থন জানাল না এবং তারা যা চেয়েছিল, তার কিছুই হচ্ছে না। এখন তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করেছে। এখন তারা বলছে, ভারত কি বলল, তাতে কিছু আসে যায় না; যুক্তরাষ্ট্র বা ইইউ কী বলল, তাতেও কিছু যায় আসে না।
এর কারণ হিসেবে হাছান মাহমুদ বলেন, তারা দেখেছে, কদিন আগে সফরে আসা যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বিএনপির কোনো দাবি নিয়ে কিছু বলেননি। একই কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বিভিন্ন দেশের সমন্বিত ইলেকশন মনিটরিং গ্রুপের সঙ্গে বৈঠকটিই বিএনপি বাতিল করেছে। আশাহত বিএনপি বুঝেছে, বিদেশিদের পেছনে ছুটে কোনো লাভ নেই।