নতুন তিন ভোটার সাদিয়া ইসলাম তিশা (বাঁয়ে), ইন্নি আক্তার (মাঝে), সাদিয়া আক্তার (ডানে)
নতুন তিন ভোটার সাদিয়া ইসলাম তিশা (বাঁয়ে), ইন্নি আক্তার (মাঝে), সাদিয়া আক্তার (ডানে)

জীবনে প্রথমবার ভোট দিয়ে খুশি তাঁরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে চলে আসেন সাদিয়া আক্তার। সকাল পৌনে ৮টায় তিনি ভোট দেন।

ঢাকা–১১ আসনের এ কে এম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হলে সাদিয়ার সঙ্গে কথা হয় প্রথম আলোর। সাদিয়া বলেন, তিনি এই কলেজেই পড়ছেন। জীবনে প্রথমবার ভোট দিলেন। তাঁর খুবই ভালো লাগছে। ভোটকেন্দ্রে আসতে, ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।

একই কেন্দ্রে সকালে ভোট দিয়ে বের হন পিংকি মণি। সঙ্গে ছিল তাঁর দুই শিশুসন্তান। তিনি বলেন, তিনি নতুন ভোটার। এবারই প্রথম ভোট দিলেন। ভোট দিয়ে তাঁর খুব আনন্দ লাগছে।

সকালে কেন্দ্রটির পুরুষ বুথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ছিলেন রাতুল মিয়া। তিনিও নতুন ভোটার। বয়স ২০ বছর। তিনি প্রথম আলোকে বলেন, প্রথমবার ভোট দিতে পেরে তাঁর খুব ভালো লাগছে।

আসনটির আরেকটি কেন্দ্র বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ইন্নি আক্তার (২২)। স্বামীর কর্মস্থলের সুবাদে তিনি সাভারে থাকেন। বেরাইদে থাকেন তাঁর মা–বাবা। ইন্নি আক্তার এখানকার ভোটার।

ইন্নি আক্তার প্রথম বলেন, ‘ভোট দিয়ে আমার যে কী ভালো লাগছে! ভোট দেওয়ার জন্য সাভার থেকে এসেছি দুই দিন আগে। প্রথমবার ভোট দিয়েছি। আমার ভোট আমি দিয়েছি।’

দুপুরের দিকে এই আসনের সাঁতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাদিয়া ইসলাম তিশা। তিনি জীবনে প্রথম ভোট দিলেন এবার। সাদিয়া প্রথম আলোকে বলেন, নতুন ভোটার হওয়ায় তিনি জানতেন না, কীভাবে ভোট দিতে হয়। নির্বাচনী কর্মকর্তারা তাঁকে বুঝিয়ে দেন, সহায়তা করেন। ভোট দিতে পেরে তিনি আনন্দিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার চলছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

২০২৪ সালের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট (গণভোট) দিয়ে মত জানাচ্ছেন ভোটাররা।